ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, হাসপাতালে ছেলে

বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু।

Location :

Birampur
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু |নয়া দিগন্ত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জালাল উদ্দীন ওরফে তামিম (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলে আমির হামজা (৩) মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১১ মে) বেলা সোয়া ১টার দিকে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জালাল উদ্দীন সিলেটের বিয়ানীবাজার উপজেলার হিজলরটুক গ্রামের মো: আলাউদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ভবন নির্মাণশ্রমিক ছিলেন। কয়েক বছর ধরে বিরামপুর পৌর শহরের চরকুই কাজিপাড়া মহল্লায় শ্বশুর রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, আজ বেলা সোয়া একটার দিকে পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল। ওই সময় রেলস্টেশন থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে বসুন্ধরা আবাসিক এলাকার সামনে জালাল উদ্দীন তার ছেলে আমির হামজাকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় জালাল উদ্দীন ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলে আমির হামজা ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছে। পরে স্থানীয় লোকজন আমির হামজাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’