গণহত্যা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন করতে মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর চৌগাছা দারুল ইয়াতিম জামে মসজিদে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মো: রবিউল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াস করুনী জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো: নাজমুল হুদা জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইকবাল হোসেন এবং কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মু. আলম হুসাইন।
বক্তারা তাদের বক্তব্যে ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, জাতির ইতিহাসে এই দিনটি একটি বেদনার অধ্যায়, যা থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা ও পৌর শাখার রুকন, কর্মী এবং স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



