মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় তিন যুবকের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Location :

Brahmanpara
মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় তিন যুবকের কারাদণ্ড
মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় তিন যুবকের কারাদণ্ড |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে মো: সালাউদ্দিন (২৪), একই গ্রামের মরহুম রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪৩) এবং চান্দলা গ্রামের মো: মতিন খানের ছেলে মো: রুবেল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। এ সময় আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে সোমবার বিকেলেই আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।