পূর্বধলায় গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে প্রায় ১,০৫০ লিটার ডিজেল পাচারের সময় আটক করে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করেছে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বধলায় গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা
পূর্বধলায় গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা |সংগৃহীত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে ডিজেল পাচারের সময় প্রায় এক হাজার ৫০ লিটার জ্বালানি তেলসহ আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে থেকে একটি কাভার্ডভ্যানে পাঁচটি ড্রামে করে প্রায় এক হাজার লিটার এবং আরেকটি পিকআপভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাতে-নাতে তা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে (৩৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান বলেন, ‘জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’