প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনের অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরী, মাস্টার রোল ও পরিচ্ছন্নতাকর্মীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠার পর বেতন বৃদ্ধি না হওয়ায় এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় বেতন-ভাতা বাড়ানোর এ উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন। এতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে মনে করছে প্রশাসন।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরীভুক্ত কর্মকর্তা কর্মচারীদের তিন হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন-ভাতা দিয়ে আসছিল সিটি করপোরেশন। গত বছর ১৯ আগস্ট নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান যুগ্ম সচিব মো: আশরাফুল ইসলাম। যোগদান করেই সিটি করপোরেশনের কাজে গতি ফিরিয়ে আনা ও বর্তমান বাজারমূল্যের সাথে বাস্তবতা মিলিয়ে বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ নেন তিনি। এরই অংশ হিসেবে তিনি নতুন বেতন কাঠামো নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের আলোকে মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে চলতি বছর জানুয়ারি মাস থেকে বেতন-ভাতা বৃদ্ধি করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, পরিচ্ছন্নতাকর্মীদের তিন হাজার টাকা বেতনভুক্তদের ৩০ ভাগ, তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা বেতনভুক্তদের ২৭ ভাগ ও তিন হাজার ৫০০ টাকা থেকে অধিক বেতনভুক্তদের ২৫ ভাগ বেতন বাড়ানো হয়েছে।
এছাড়াও মাস্টাররোল, নির্ধারিত ও চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে ১০ হাজার টাকা বেতনভুক্তদের ৪০ ভাগ, ১০ হাজার থেকে ১৫ হাজারের বেতনভুক্তদের ৩৫ ভাগ, ১৫ হাজার থেকে ২০ হাজারের বেতনভুক্তদের ৩০ ভাগ এবং ২০ হাজার অনূর্ধ্ব বেতনভুক্তদের ২৫ ভাগ বেতন বাড়ানো হয়েছে।
অন্যদিকে দৈনিক মজুরীভিত্তির কর্মচারীদের ৪০০ টাকার বেতনভুক্তদের ৪০ ভাগ, ৪০০ থেকে ৫০০ টাকা বেতনভুক্তদের ৩৫ ভাগ এবং ৫০০ থেকে সর্বোচ্চ ৭৫০ টাকা বেতনভুক্তদের ৩০ ভাগ বেতন বাড়ানো হয়।
প্রাপ্ত তথ্যমতে, বেতন-ভাতা বাড়ানোয় জানুয়ারি মাসে থেকেই মোট এক হাজার ৬৪৩ জন অস্থায়ী কর্মচারীর জন্য প্রায় ৩৯ লাখ টাকা অতিরিক্ত বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে।
সূত্র জানায়, বেতন বৃদ্ধির ঘোষণার পর জানুয়ারি মাসে ১৪৫ জন মাস্টার রোল, ৬৪৯ জন দৈনিক মজুরী ও চুক্তিভিত্তিক এবং ৮৪৯ জন পরিচ্ছন্নতাকর্মীকে বেতন-ভাতা বাবদ কর্তৃপক্ষ ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৫৫২ টাকা দেয়। যা গত বছর ডিসেম্বরে ছিল ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৫৪৩ টাকা। বেতন-ভাতা বৃদ্ধির কারণে ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে ৩৮ লাখ ৮৬ হাজার ৯৯৯ টাকা অতিরিক্ত দিতে হয়েছে কর্তৃপক্ষকে।
যান্ত্রিক শাখার পরিচ্ছন্নতাকর্মী আনজুমান আরা জানান, ‘২০ বছর চাকরি করছি। যে বেতনে ঢুকেছিলাম, সেই বেতনেই আছি। কেউ বেতন বাড়ায়নি। বর্তমান সিটি প্রশাসক স্যার আমাদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কারণ পণ্যের দাম বাড়লেও আমাদের বেতন ছিল অনেক কম। আমরা এখন আরো মনোযোগী হয়ে কাজ করবো।’
বর্জ্য ব্যবস্থাপনা শাখার গাড়িচালক আয়নাল হোসেন জানান, ‘আমার বেতন ৪০ ভাগ বেড়েছে। ৪ হাজার টাকার ওপরে। এ দুর্মূল্যের বাজারে বেতন বৃদ্ধি আমার জন্য অনেক বড় নিয়ামত। সংসার চালাতে গিয়ে প্রতিমাসে বড় ধরনের বিপাকে পড়তাম। এখন কিছুটা হলেও দুশ্চিন্তা কমলো। এই উদ্যোগ নেয়ার জন্য প্রশাসক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।’
মাস্টাররোলে কর্মরত সাধারণ শাখার কর্মচারী আসাদুজজামান জানান, ‘এটা অনেক বড় ঘটনা। চাকরিজীবনে প্রথমবারের মতো বেতন-ভাতা বাড়লো। আমরা সবাই খুবই খুশি। বেতন বাড়ানোয় সিটি প্রশাসক স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
চুক্তিভিত্তিক হিসেবে ইঞ্জিনিয়ার শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন এনামুল ইসলাম। তিনি জানান, বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি বর্তমান প্রশাসকের যুগান্তরকারী পদক্ষেপ। এর মাধ্যমে যেমন বর্তমান বাজার মূল্যের সাথে মানিয়ে নিতে পারবেন, ঠিক তেমনি কাজের মধ্যে গতি বাড়বে, স্বচ্ছতা ফিরবে।
বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিটি প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পরপরই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার কাঠামো দেখে খুবই উদ্বিগ্ন হই। বর্তমান বাজারমূল্যের এত কম বেতন-ভাতা দিয়ে একটি সংসার চালানো খুবই দুঃসাধ্য। গত ৫ বছর সিটি করপোরেশনের ব্যয়ের থেকে আয় বেশি হয়েছে। এরপর সবার সাথে কথা বলে একটি কমিটি গঠন করে কমিটির সুপারিশের আলোকে বেতন ভাতা বাড়াই এবং জানুয়ারি মাস থেকে কার্যকর করি।’
সিটি প্রশাসক আরো বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির ফলে সিটি করপোরেশনের একটা মোটা টাকা ব্যয় বৃদ্ধি পেলো। কিন্তু এর মাধ্যমে প্রতিটি সেক্টরে কাজের গতি বাড়বে। যদি গতি বাড়ে, তাহলে আয় আরো বাড়বে। বেতন-ভাতা বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ হলো স্বচ্ছতা, কাজের গতি বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা। কেউ যদি সেটা না করেন তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
সিটি করপোরেশনের কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে এবং অনিয়ম রোধকল্পে ৬০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।



