কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

‘সাগর ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
যুবককে কুপিয়ে হত্যা
যুবককে কুপিয়ে হত্যা |নয়া দিগন্ত গ্রাফিক্স

কুষ্টিয়া সদর উপজেলায় দিনে-দুপুরে প্রকাশ্যে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক।

জানা যায়, দুর্বৃত্তরা ধারালো রামদা দিয়ে সাগরের ডান পা, ডান হাত, কপাল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।

নিহত সাগরের খালাত ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘সাগর ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

তৌফিক আরো বলেন, ‘ভাইয়ের সাথে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমি বলছি না এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।’

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দু’জন পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’