ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্রামের উদ্দেশে রওনা হওয়া নানা শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ অবরোধ করা হয়।
অবরোধকারীরা জানায়, নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে গতকাল রাত থেকেই পোশাক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা ভোট দিতে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
মো: জোহা নামের এক যাত্রী জানান, তার গ্রামের বাড়ি বগুড়া। এবার তিনি প্রথম ভোট দেবেন। চাকরি করেন আশুলিয়ার একটি পোশাক কারখানায়। ছুটি পেয়ে ভোট দিতে বাড়ি যাচ্ছেন তিনি। কিন্তু বিপত্তি বাদে অতিরিক্ত ভাড়া নিয়ে। সাড়ে ৫০০ টাকার ভাড়া এক হাজার টাকা। প্রতিবাদ করলেই নানা কথা শোনায় তারা।
ন্যায্য ভাড়া কার্যকর এবং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
জিরানী বাজার এলাকার এক কাউন্টার মাস্টার গোলাপ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। কারণ আমরা সব টিকিট অনলাইনে কেটে থাকি। তবে লোকাল পরিবহন যেগুলো রয়েছে তারা হয়তো একটু বেশি ভাড়া নিতে পারে।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানান, নির্বাচনের ছুটিতে মানুষজন সব এক সাথে বাড়ি যাচ্ছেন। ফলে সড়কে অতিরিক্ত যাত্রীর চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া যাত্রীর চেয়ে পরিবণের সংখ্যা কম। ফলে তারা সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই।
অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এধরণের অভিযোগ কেউ করেনি। করলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
৮.



