শেরপুরের নকলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কৃষকরা হলেন পোলাদেশী গ্রামের কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) ও একই গ্রামের মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫)।
একই ঘটনায় ছামিদুল হক (৫০) নামের একজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কৃষক ছামিদুল হক নিজের জমিতে সেচ দিতে যান। বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী কৃষক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।



