বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী-বাকশালীরা এদেশে যে দুঃশাসন চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য করেছে। তারা ফিরে আসার জন্য সার্বক্ষনিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জামায়াতের নেতাকর্মীরা এদেশের জনতাকে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার সাভার মডেল মসজিদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোনোভাবে মেনে নেবে না। জামায়াত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করছে, এটি অব্যাহত রাখবে।
তিনি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমরা বিগত ৫৪ বছরের শাসনামলে মানুষের মুক্তির দেখা পাইনি। জনগণের অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতের ওপর আস্থা রেখে একবার সুযোগ দিলে আমরা এদেশে ইতিহাস তৈরি করব। দুর্নীতিবাজদের হয় দুর্নীতি ছাড়তে হবে, নয়তো জেলে যেতে হবে।
জামায়াত মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও ঢাকা-২০ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুর রউফ, ঢাকা-২ আসনের জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, মো: লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমির আব্দুল কাদের, সাভার পৌর আমির আজিজুর রহমান, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, ধামরাই থানা আমির মাওলানা আব্দুল হালিম, ধামরাই পৌর আমির মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।
গণমিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।



