২৪-এর জুলাই অভ্যুত্থানে অংশ নিলেনও সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় অস্বীকার করায় তাদের অনেক নেতাকর্মী জুলাইয়ের স্পিরেটের সাথে একমত হয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করছেন বলে দাবি করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।
সোমবার (১ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে বিএনপি থেকে স্থানীয় নেতাকর্মী ও নাগরিকদের এনসিপিতে যোগাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আখতার হোসেন বলেন, ‘বিএনপি থেকে আজ অনেকেই এনসিপিতে যোগদান করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যারা বিএনপি থেকে আমাদের এনসিপিতে যোগদান করছেন, আপনারাও চব্বিশের গণঅভ্যুত্থানের সময়টাতে আমাদের সাথে রাজপথে ছিলেন। আমরা একইসাথে রাজপথের যুদ্ধে অংশ নিয়েছিলাম।’
তিনি বলেন, ‘বিএনপির ভাইয়েরা, তারা সরকার গঠন করার পরে গণভোটের রায়কে অস্বীকার করছে। জনগণের ভোটকে তারা অস্বীকার করছে। গণভোট, যে ভোটের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রব্যবস্থাতে সংস্কার হওয়ার কথা ছিল, সেই সংস্কারের এজেন্ডাকে যারা আস্তাকুড়ে নিক্ষেপ করতে চায়, তাদের দলকে আপনারা এখন জনগণের দল মনে করতে পারছেন না। তাই আপনারা জনগণের পক্ষে থাকা এনসিপি, যারা গণভোটের পক্ষে আছে, জনগণের পক্ষে আছে, সেই এনসিপিতে এসেছেন। জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে সেই বিএনপি থেকে যারা আজকে এনসিপিতে এসেছেন তাদেরকে আমরা হৃদয় থেকে বরণ করে নিচ্ছি।’
এর আগে তিনি টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সেক্রেটারি ও সদস্যসহ বিভিন্ন এলাকার ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগ দিলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।



