তাপ ও ট্রেনের চাপে রেললাইন বেঁকে যাওয়ায় ঝুঁকিতে ঢাকা-ময়মনসিংহ রুট

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই লাইনের অনেক অংশই প্রায় ৭০ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এসব রেললাইন তাপমাত্রা বৃদ্ধি ও ট্রেন চলাচলের চাপ সহ্য করতে না পেরে অনেক সময় বিকৃত হয়ে পড়ে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
সুতিয়াখালী এলাকায় বাঁকা হয়ে যাওয়া রেললাইন
সুতিয়াখালী এলাকায় বাঁকা হয়ে যাওয়া রেললাইন |নয়া দিগন্ত

লোহার সরু দু’টি রেখা ধরে ছুটে চলে ট্রেন। সেই রেখাই যখন সোজা না থেকে কোথাও ফুলে ওঠে, কোথাও বাঁকা হয়ে যায়, তখনই তৈরি হয় অদৃশ্য এক ঝুঁকি। ময়মনসিংহের সুতিয়াখালী এলাকায় সম্প্রতি এমনই একটি ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ঢাকা-ময়মনসিংহ রেলপথের নিরাপত্তা নিয়ে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে সুতিয়াখালী এলাকায় রেললাইন হঠাৎ বাঁকা হয়ে যায়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে প্রায় আড়াই ঘণ্টা মেরামত কাজ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই লাইনের অনেক অংশই প্রায় ৭০ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এসব রেললাইন তাপমাত্রা বৃদ্ধি ও ট্রেন চলাচলের চাপ সহ্য করতে না পেরে অনেক সময় বিকৃত হয়ে পড়ে। তাদের বলেন, ‘ট্রেনের চাপ ও তাপে অনেক সময় রেললাইন বাঁকা হয়ে যায়।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আক্তার হোসেন বলেন, ‘রেললাইনের পাতগুলো আনুমানিক ৭০ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলের চাপ ও তাপমাত্রার প্রভাবে লাইন বাঁকা হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে আসছি। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এসব লাইন দ্রুত পরিবর্তন না করলে, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়।’

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার খবর পেয়ে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো রেললাইন অতিরিক্ত তাপ ও ট্রেন চলাচলের চাপে লাইন থেকে সরে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘রেললাইনের পাতগুলো অনেক পুরোনো হওয়ায় অল্প চাপেই লাইন বাঁকা হয়ে যায়। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যতদিন পর্যন্ত এসব পুরোনো রেললাইন পরিবর্তন করা না হবে, ততদিন এ ধরনের সমস্যা দেখা দিতেই পারে।’

রেলপথ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-ময়মনসিংহ রুট দেশের অন্যতম ব্যস্ত রেলপথ। প্রতিদিন হাজারো যাত্রী এই পথে যাতায়াত করেন। পাশাপাশি পণ্যবাহী ট্রেনও চলাচল করে নিয়মিত। ফলে পুরোনো রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে, তার প্রভাব পুরো রেল যোগাযোগ ব্যবস্থার ওপর পড়ে।

স্থানীয়দের মতে, সময়মতো রেললাইন সংস্কার ও প্রতিস্থাপন না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাই নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত পুরোনো রেললাইন পরিবর্তন ও আধুনিকায়নের দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে।

সাম্প্রতিক এ ঘটনাটি আবারো মনে করিয়ে দিলো, রেলপথের নিরাপত্তা শুধু সাময়িক মেরামতে নয়, বরং সময়োপযোগী সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনার ওপরই নির্ভর করে। পুরোনো রেললাইনের সেই প্রশ্নের উত্তর এখনো অপেক্ষায়।