সিলেটের সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসায় গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী ফাহিমার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে। দেশের বিভিন্ন জায়গায় অপরাধ ঘটলেও ফাহিমার হত্যাকাণ্ডটি জঘন্যতম অপরাধ। এমন ছোট শিশুর ওপর এ ধরনের নৃশংস নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।
তিনি এ জঘন্য অপরাধের সাথে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।



