মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জ জেলার মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) উপজেলার মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের এক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে স্থানীয় লোকজন যাতায়াতের সময় দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে এক ব্যক্তির গলিত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়া গত ১৩ মে বিকেলে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন।
ফারুকের ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজারে গিয়েছিল বাজার করতে। সে সময় একই এলাকার রুবেল মিয়া নামে এক ব্যক্তি তাকে মোবাইলে কল দিয়ে নিয়ে যান। এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।



