পদ্মা সেতু হয়ে শেষ দিনের ঈদযাত্রায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
বুধবার (২৭ মে) ভোর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্ত ও পদ্মা সেতু এলাকায় ঘরমুখো মানুষের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির চিত্র দেখা যায়নি।
সেতু কর্তৃপক্ষের তদারকি ও টোল প্লাজাগুলো সচল থাকায় যানবাহন দ্রুত পারাপার হতে পেরেছে। এতে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যান চলাচল ছিল স্বাভাবিক।
বিগত বছরগুলোতে ঈদযাত্রায় শিমুলিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার যে দুর্ভোগ ছিল, পদ্মা সেতু চালুর পর তা অনেকটাই কমে এসেছে। এবারো ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতায় পুরো এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। পরিবহন চালকরাও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যানবাহন চালাতে পারছেন।
যাত্রীরা জানান, দীর্ঘ অপেক্ষা ও যানজট ছাড়াই দ্রুত পদ্মা সেতু পার হতে পেরে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে।



