গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র ও লিখিত পরীক্ষার খাতাসহ জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জুলফিকার আলীর বাড়ি উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, বদলি পরীক্ষার্থী পরিচালনা ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, কামদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদরাসা কেন্দ্রের অদূরে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র, লিখিত পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
প্রশাসন জানিয়েছে, দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।



