কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। পরে সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন।
এ খবর ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোবারক হোসেন জানান, লাশ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



