সিলেট নগরীতে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বন্দরবাজারের একটি আবাসিক হোটেল ও উপশহর এলাকার একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা ও নগরের হাসান মার্কেটের ব্যাগ ব্যবসায়ী সোহেল আহমদের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানা পুলিশ দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
অপরদিকে, শাহপরান থানাধীন উপশহর ১ নম্বর রোডের এফ-ব্লকের একটি বাসা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুসপুর গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বী আহমদের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত ছিলেন।
পৃথক দুই ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: মাঈনুল জাকির জানান, আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া লাশের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’



