চার দিন পর মারা গেলেন গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

কারখানাটিতে পুরাতন গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Goalanda
টায়ার থেকে বিটুমিন তৈরির কারখানা, (ইনসেটে) দগ্ধ দুই শ্রমিক
টায়ার থেকে বিটুমিন তৈরির কারখানা, (ইনসেটে) দগ্ধ দুই শ্রমিক |নয়া দিগন্ত

চার দিন চিকিৎসাধীন থাকার পর রাজবাড়ীর গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সোহেল রানা (২৪) ও সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শাওন মুন্ডার (১৬) মৃত্যু হয়।

নিহত শাওন মুন্ডা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে এবং মো: সোহেল রানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে। তারা গোয়ালন্দ উপজেলার শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস জানান, ওই কারখানায় পরিবেশের ছাড়পত্র আছে কি-না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ থানার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে পুরাতন গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।

দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।