মানবস্বাস্থ্য রক্ষায় কেবল চিকিৎসা নয়, বরং পরিবেশের মৌলিক উপাদান- মাটি ও বৃক্ষরাজির সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের সুস্থতা নিশ্চিত করতে হলে মাটি, ফসল ও পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষা করা অপরিহার্য।’
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ওয়েবপেজ আপডেট দক্ষতা: ব্যক্তিগত ওয়েব উপস্থিতি কার্যকরভাবে গড়ে তোলার কৌশল ও পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিসি তার বক্তব্যে বলেন, এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। এ লক্ষ্য অর্জনে মানুষের পাশাপাশি মাটি ও বৃক্ষরাজিসহ পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। কারণ, সুস্থ জীবনধারা গড়ে ওঠে উর্বর মাটি, পুষ্টিকর খাদ্য ও সবুজ পরিবেশের ওপর নির্ভর করে।
তিনি উল্লেখ করেন, বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, পরিবেশের সুস্থতা ও মানবস্বাস্থ্য একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। মাটিতে থাকা উপকারী অণুজীব যেমন ব্যাকটেরিয়া ও ফাঙ্গি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের পুষ্টিমান উন্নত করে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
এছাড়া সুস্থ মাটি প্রাকৃতিকভাবে পানি ধারণ করে বন্যা ও ভূমিক্ষয় রোধে সহায়তা করে এবং কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে বৃক্ষরাজি বাতাসে অক্সিজেন সরবরাহ, কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। একই সাথে বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করে।
মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সবুজ পরিবেশ মানুষের মানসিক চাপ কমিয়ে সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি, পুষ্টি ও পরিবেশ বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য ‘ওয়ান হেলথ’ ধারণার আলোকে মানুষ, প্রাণী ও প্রকৃতির সমন্বিত সুস্থতা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।
এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষক ও বিভিন্ন শাখার প্রধানরা অংশ নেন।



