ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে ২০ পরিবারের স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে। ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে, দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে প্রাকৃতিক দুর্যোগের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পশ্চিম আকাশে কালো মেঘ দেখা দেয়। এরপর শুরু হয় বাতাস। বাতাস বাড়তে থাকে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়।
এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। এ সময় চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং ২০টির মতো ছোট-বড় ঘর উড়ে যায়। ২৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছর বয়সের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে।
ঘটনার পরপর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন স্থানীয় এলাকায় ছুটে যান।
তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছেন। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।



