রেশন সেন্টারে দুর্নীতি

ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন ঝালকাঠি আদালতে মামলাটি করেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠি পুলিশ লাইন্স
ঝালকাঠি পুলিশ লাইন্স |নয়া দিগন্ত

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চারজন পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন ঝালকাঠি আদালতে মামলাটি করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক মেস ম্যানেজার মো: আলাউদ্দিন, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক আরিফ মাহমুদ, মো: আল মামুন, মো: রেজাউল করিম ও কাজী রাজিউল জামান এবং কনস্টেবল মো: আতিউর রহমান, মো: সাইফুল ইসলাম ও মেহেদী হাসান, অফিস সহকারী মো: তৌফিক এলাহী, গুদামদার মো: জহির উদ্দিন ও বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পুলিশ রেশন সেন্টার, পুলিশ লাইন্স ঝালকাঠিতে বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড সৃজন করে রেশন সামগ্রী উত্তোলনের মাধ্যমে মোট তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণাপূর্ণভাবে রেশন সামগ্রী উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

দুদক কর্মকর্তা আরো জানান, মামলার তদন্তকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও আসামি করা হবে।

ঝালকাঠির পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, ‘মামলায় অভিযুক্তরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ বিভাগ।’