বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ন্যায়, ইনসাফের বাংলাদেশ যারা চায় না, তারা পুরানা বন্দোবস্ত চায়। একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলতে।’
তিনি বলেন, ‘আমরা চাই, মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। ‘হ্যাঁ’–এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে; তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তরুণ সমাজকে উদ্দেশ্য করে ডা: শফিকুর রহমান বলেন, ‘দেশের যুবসমাজ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদার সাথে বাঁচার দাবি জানিয়ে আসছে। বিশ্ব দরবারে মর্যাদার সাথে দাঁড়ানোর লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।’
বিশেষ করে তরুণ সমাজের প্রথম ভোটটি যেন ‘হ্যাঁ’-এর পক্ষেই হয়, সেই আহ্বান জানান তিনি। একইসাথে ১২ তারিখ তরুণ সমাজকে দাঁড়িয়ে থেকে জয় নিয়ে নতুন বাংলাদেশ বুঝে নেয়ার কথাও বলেন।
তিনি বলেন, ‘আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না; ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সবার বিজয় হবে। আমিও তার থেকে বাদ পড়ব না।’
যুব সমাজ বেকার ভাতা চায় না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘যুবকরা তো দাবি করে নাই আমাদের বেকার ভাতা দাও। তারা বলেছে, আমাদের হাতে কাজ দাও। আমরা আমাদের দেশ, জাতিকে গড়তে চাই। এই জন্য যুব সমাজের হাতে আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেবো না। আমরা সম্মানের কাজ তুলে দেবো। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে কাজ করবে। এখানে দল বা ধর্ম নয়, গুরুত্ব পাবে দক্ষতা ও দেশপ্রেম।’ এই চেতনা নিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি চট্টগ্রাম ১৪ আসনের জন্য এলডিপি সভাপতি ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের হাতে ছাতা প্রতীক তুলে দেন। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তার ছেলে অধ্যাপক ওমর ফারুক।
চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় দক্ষিণ চট্টগ্রামের সব আসনের ১১ দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, কক্সবাজার পৌর সদরের বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে জনসভা শেষ করে দুপুর আনুমানিক ২টার সময় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ সি এম উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। পরে জামায়াত আমির উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি আনম শামশুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম টিম অঞ্চলের সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা: ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনের জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, বান্দরবান ৩০০ আসনের জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকসুর) জিএস এস এম ফরহাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইছহাক, বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম আবদুস সালাম, নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাঙামাটি জেলা জামায়াতের আমির আবদুল আলী, নেজাম ইসলামী পার্টির আমির সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিশের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইমরান ইসলামাবাদি, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মো: নোমান, নেজাম ইসলামী পার্টির যুব সচিব নজরুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহমুদুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এয়াকুব আলী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির কুতুব উদ্দিন, সাতকানিয়া উপজেলার আমির মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমির সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লাহ আরমান, পলাশ দাশ, এবি পার্টির যুগ্ম সম্পাদক যায়েদ হাসান চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সেক্রেটারি গোলাম কিবরিয়া শিমুল, দক্ষিণ জেলা খেলাফল মজলিশের যুগ্ম সচিব মাহমুদুল করিম কাসেমি, নেজাম ইসলামী পার্টির দক্ষিণ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মহিউদ্দিন হেলালী, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য তানজিরুল ইসলাম জুয়েল, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুনু মিঞা প্রমুখ।



