ফরিদপুরের নগরকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতা বাবলু মোল্যার (৬০) ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি ওই গ্রামের জাফর মোল্যার ছেলে।
এ ঘটনায় রাত ১১টার দিকে ভুক্তভোগী পরিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে একই গ্রামের নজরুল মোল্যা, তার ছেলে রুমন মোল্যা ও তুহিন মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবলু মোল্যার সাথে নজরুল মোল্যার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল মোল্যার ছেলে রুমন মোল্যা ও তুহিন মোল্লা বাবলু মোল্যার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



