কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কুড়িগ্রাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অবদানের কথা তুলে ধরেন।
তারা বলেন, রবীন্দ্রনাথ মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও বিশ্বজনীন চেতনার বার্তা দিয়েছেন। অন্যদিকে নজরুল সাম্য, বিদ্রোহ ও মানবমুক্তির কণ্ঠস্বর হিসেবে বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করা হয়।



