কিশোরগঞ্জে সড়কের পাশে যুবকের লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কিশোরগঞ্জে সড়কের পাশ থেকে এসএ পরিবহনের চালকের লাশ উদ্ধার; পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনা হলেও পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
মানিক মিয়া (৩৮)
মানিক মিয়া (৩৮) |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে সড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিসিআইসি গোডাউনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, রাতের কোনো একসময় সড়কে চলাচলকারী কোনো গাড়ির চাপায় মানিক মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার পরিবারের দাবি, এটি সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি ঢাকায় এসএ পরিবহনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মানিক মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকের বড় ভাই এমদাদুল হক শাহিন বলেন, ‘আমার ভাই জানিয়েছিল বুধবার ঢাকা থেকে অফিসের কাজে রাজশাহী যাবে। কিন্তু কিভাবে বা কী কারণে তিনি কিশোরগঞ্জে এলেন, তা রহস্যজনক মনে হচ্ছে। কিশোরগঞ্জে এলে আমাদের জানানোর কথা ছিল।’

তিনি আরো বলেন, ‘সন্ধ্যায় তার অন্য সহকর্মীরা অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়। পরে সে কেন মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে এলো, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

এমদাদুল হক শাহিন আরো বলেন, ‘আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি না। আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

রায়টুটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিল্কী জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে যাচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর বিষয়টি আরো স্পষ্ট হবে।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।