তাড়াশে আট দিনের ব্যবধানে ১০ গরু চুরি, আতঙ্কে কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভীসহ ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
তাড়াশ থানা, সিরাজগঞ্জ
তাড়াশ থানা, সিরাজগঞ্জ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভীসহ ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। আর চুরি যাওয়া ওই ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে কৃষক মো: বিপ্লব হোসেন ও তার চাচা মো: সজল হোসেনের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এদিকে মাত্র আট দিনের ব্যবধানে উপজেলার তিনজন কৃষকের ১০টি গরু চুরির ঘটনায় উপজেলার গরু পালনকারী কৃষক ও খামারিদের মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

দুই কৃষকের ৫টি গরু চুরির বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমাম জাফর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, চোরের দল ওই রাতে উপজেলার সিংগাড়পাড়া গ্রামে কৃষক মো: বিপ্লব হোসেন ও তার চাচা মো: সজল হোসেনের বাড়িতে হানা দেয়। তারা গোয়ালঘরের তালা ভেঙে বিপ্লব হোসেনের ৪টি ও তার চাচা সজল হোসেনের ১টিসহ মোট ৫টি গরু চুরি করে নিয়ে যায়। পরে সকালে দুই কৃষক ঘুম থেকে জেগে গরুর খাবার দিতে গেলে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা ও সেখান থেকে গরুগুলো চুরি হয়ে গেছে। পরে কৃষক মো: বিপ্লব হোসেন এবং সজল হোসেন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান।

অবশ্য কৃষক সজল হোসেন চুরি যাওয়া ওই ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকার মতো বলে দাবি করেন।

এদিকে গত ১৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে তার ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। মাত্র আট দিনের ব্যবধানে উপজেলার তিনজন কৃষকের ১০টি গরু চুরির ঘটনায় এলাকায় গরু চুরির আতঙ্ক বিরাজ করছে। এতে করে অনেক কৃষক চোরের হাত থেকে গরু রক্ষায় রাত জেগে তাদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমাম জাফর বলেন, ‘প্রতিটি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি কৃষকের চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।’