মিরসরাইয়ের অজপাড়াগাঁয়ে বসবাস করেন বয়োঃবৃদ্ধ দুই বোন আছিয়া ও খাদিজা। স্বামী-সন্তানহারা অসহায় দুই বোনের মাথা গোঁজার ছিলো না কোনো ঠাঁই। বর্ষায় ঘরের ভেতর পানি পড়ে। মানবেতর জীবনযাপন করছিলেন।
এমন পরিস্থিতিতে রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান তাদের দুজনকে নতুন ঘর উপহার দেন এবং আনুষ্ঠানিকভাবে ঘরের চাবিও তাদের হাতে তুলে দেন।
জানা গেছে, মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুল কালাম মেম্বার এলাকার দুই বোন আছিয়া ও খাদিজা। স্বামী-সন্তানহারা অসহায় দুই বোনের মাথা গোঁজার ছিলো না কোনো ঠাঁই। বিষয়টি স্থানীয় ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতাকর্মীদের নজরে আসে। পরে তারা নিজস্ব অর্থায়নে দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করেন। রোববার দুপুরে তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে আছিয়া বলেন, একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া আর ছিদ্রে ভরা ছিলো টিনের চালা। বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে বিছানা ভিজে যেতো। ভাঙ্গা বেড়া দিয়ে শীতের রাতে বাতাস বিনাবাধায় ঘরে ঢুকে যেতো। তীব্র শীতে কাঁথা মুড়িয়েও শীত নীবারণ করতে পারতাম না। জামায়াতের লোকজন ঘরটা করে দিয়েছে আমাদের দুই বোনকে। একপাশে আমি অন্যপাশে আমার বোন খাদিজা থাকবে।
তিনি আরও বলেন, জামায়াতের লোকজনের জন্য আমরা দোয়া করি। আমাদের আরেক বোন আছে তার ঘরও ভাঙ্গা। তার ঘরটা করে দিলে তারও থাকার জন্য ভালো হতো।
স্থানীয় জামায়াতের দায়িত্বশীলরা বলেন, নিজেদের পকেটের টাকায় দুই বোনের জন্য ঘরটি করে দিয়েছি। ভবিষ্যতে যদি সম্ভব হয় অন্য বোনের ঘরটিও করে দেবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে মিরসরাই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সবসময় চেষ্টা করে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। তবে এসব বিষয় বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রচার মাধ্যমগুলোতে দেয়া হয় না। ভালো কাজের পাশাপাশি ভালো কাজগুলো প্রচার করা প্রয়োজন। এতে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হবে, ভালো কাজে এগিয়ে আসবে।



