রংপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বিজয়ী খেলোয়াড়দের বর্ণাঢ্য সংবর্ধনা

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ছোট ছোট খেলোয়াড়েরা রংপুরকে সারা দেশ ও বিশ্বে উচ্চকিত করেছে। আগামী বছর সব ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।’

Location :

Rangpur
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেন অতিথিরা
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেন অতিথিরা |নয়া দিগন্ত

রংপুর ব্যুরো

রংপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া রংপুর বিভাগীয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বিভাগীয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম থেকে দু’টি খোলা ট্রাকে চড়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলে মেতে ওঠে বিজয়ী খেলোয়াড়রা।

পরে রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌঁছালে বেলা আড়াইটায় সম্মেলন কক্ষে তাঁদের উষ্ণ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরপিডিএ) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর ও আশরাফুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ফুলের মালা পরিয়ে দেন এবং গিফট ব্যাগ তুলে দেন।

অনুষ্ঠানে মাথায় নয়টি সেলাই নিয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়া বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা খানমকে বিশেষ আর্থিক অনুদান দেয়া হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনন্যা বলেন, ‘আমাদের পালিচড়া স্টেডিয়ামের গ্লাস দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় প্র্যাকটিসে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটি দ্রুত মেরামতের অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বিজয়ী দল হিসেবে খেলোয়াড়দের জন্য ব্লেজারের দাবিও জানায় এ অধিনায়ক।’

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ছোট ছোট খেলোয়াড়েরা রংপুরকে সারা দেশ ও বিশ্বে উচ্চকিত করেছে। আগামী বছর সব ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে রংপুর বিভাগীয় দল বালিকা ফুটবল ও বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বালক ক্রিকেট ও বালক কাবাডিতে রানার্সআপ হয়।