রাণীনগরে ৩৫ জেলার রানারদের অংশগ্রহণে ১০ কিলোমিটার দৌড়

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) উদ্যোগে শনিবার (৩০ মে) সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা |বাসস

দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার-অপেশাদার রানারদের (দৌড়বিদ) অংশগ্রহণে নওগাঁর রাণীনগরে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ জন দৌড়বিদ অংশ নেন।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) উদ্যোগে শনিবার (৩০ মে) সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে (রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত) এই দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অডিনেটর ডা: মো: রুমন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরহাদ হুসাইন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়, রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সিজন-২-এ ১০ কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম ১ ঘণ্টা ৪০ মিনিট, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম ১ ঘণ্টা, ৫ কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ ঘণ্টা এবং ১ কিলোমিটার শিশু কাট-অফ টাইম ১ ঘণ্টাসহ মোট চারটি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে রাইডোর পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, ১ম রানার-আপকে ৪ হাজার, ২য় রানার-আপকে ৩ হাজার, ৩য় রানার-আপকে ১ হাজার ৫০০ ও ৪র্থ রানার-আপকে ১ হাজার টাকা দেয়া হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫ কিলোমিটার পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩ হাজার, ১ম রানার-আপকে ২ হাজার এবং ২য় রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫ জন রানারকে বিশেষ ক্রেস্ট দেয়া হয়। ৫ কিলোমিটার মহিলা ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩ হাজার, ১ম রানার-আপকে ২ হাজার এবং ২য় রানার-আপকে ১ হাজার টাকা দেয়া হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ৫ জন রানারকে বিশেষ ক্রেস্ট দেয়া হয়। ১ কিলোমিটার কিডস্ ক্যাটাগরির শিশুদের অনুপ্রাণিত করতে মোট ৪০ জন শিশু রানারকে ক্রেস্ট দেয়া হয়।

Topics