এমপি খোকন তালুকদার

রাজপথ অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবে না

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুইপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
বৃক্ষরোপন করছেন এমপি খোকন তালুকদার
বৃক্ষরোপন করছেন এমপি খোকন তালুকদার |নয়া দিগন্ত

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘রাজপথ অস্থিতিশীল করে নতুন করে ফিরে আসার জন্য কর্মসূচি দিয়ে লাভ নেই। বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফলতা আনতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নেই। বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করবে না।’

শুক্রবার (২৬ জুন) বিকেলে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুইপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার আরো বলেন, ‘খাল খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা বাশঁগাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে গেলাম এখানে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করার নির্দেশনা আছে। ইতোমধ্যে সবগুলো গাছ লাগানো অনেকটা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও তার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি তা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমরা মাদারীপুর-৩ আসনে তার সে নির্দেশনা পালন করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করব।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।