তাড়াশে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অপরজন আশঙ্কাজনক

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে গুমানি নদীতে এ ঘটনা ঘটে।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহাত হোসেন (৬) নামে এক শিশুর ‍মৃত্যু হয়েছে। এ সময় মো: আকাশ (৬) নামে আরেক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে গুমানি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাহাত ওই গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো: জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, একই ঘটনায় ওই গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে মো: আকাশ গুরুতর আহত হয়ে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, দুপুরে হেমনগর গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে রাহাত হোসেন, জাহিদুল ইসলাম জাহিদের ছেলে মো: আকাশসহ তিন শিশু গুমানি নদীর রনিদের ঘাটে গোসলে নামে। এক পর্যায়ে তিন শিশুই নদীর যে অংশে গভীরতা বেশি যেখানে চলে যায় এবং রাহাত ও আকাশ পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুটি সাঁতার কেটে নদীর পাড়ে উঠে রাহাত ও আকাশকে না দেখে চিৎকার ও কান্নাকাটি শুরু করে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে নদী থেকে রাহাত ও আকাশকে উদ্ধার করে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, দায়িত্বরত চিকিৎসক শিশু রাহাত হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহত শিশু আকাশকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করে চিকিৎসা শুরু করেন। তবে আকাশের অবস্থাও আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।