চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার গাড়িবহরে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা।
বুধবার (৩ জুন) বাদ আসর কুষ্টিয়া শহরের ‘সাদ্দাম বাজার মোড়’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর গেট হয়ে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ এসে এৃকটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।
তিনি বলেন, ‘মুফতি মাওলানা আমির হামজা জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং একজন জনপ্রিয় আলেমে দ্বীন। তার ওপর চুয়াডাঙ্গার মাটিতে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’
তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন। এছাড়া সমাবেশে জেলা, শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জনসাধারণরা উপস্থিত ছিলেন।



