নাঙ্গলকোটে খাল থেকে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

পারিবারিক কলহের জেরে হত্যা

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে কাদেরকে তার বাবা লিটন, ছোট ভাই রাকিব ও এক মামা ৩/৪ দিন আগে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দেয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় খাল থেকে উদ্ধারকৃত অর্ধগলিত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম আবদুল কাদের (২৪)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তিনি হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের লিটনের ছেলে।

তার চোখের বাম পাশে আঘাতে চিহ্ন রয়েছে। তার পরিবার বর্তমানে আদ্রা উত্তর ইউনিয়নের কুরকুটা-ভুলইন-নাথেরপেটুয়া খালের পাড়ে মেরকোট এলাকায় বাড়ি করে বসবাস করছেন।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে কাদেরকে তার বাবা লিটন, ছোট ভাই রাকিব ও এক মামা ৩/৪ দিন আগে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দেয়। কাদেরের বাবা ও ছোট ভাই পলাতক রয়েছেন।

থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাদেরের মা কাজল বেগমকে থানা নিয়ে এসেছে। কাদেরের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাড়ির ছাগল বিক্রি নিয়ে কাদেরের সাথে তার বাবা লিটন, ছোট ভাই রাকিব ও তার মা কাজল বেগমের মারামারি হয়। এঘটনায় কাদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। মারামরির ঘটনার চার দিন পর সোমবার (২৯ জুন) সকালে খাল থেকে কাদেরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। আমাদের তিনটি টিম এঘটনায় কাজ করছে। তবে তথ্য অনুযায়ী কাদের পারিবারিকভাবে হত্যার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। অচিরেই কাদের হত্যার রহস্য উদঘাটিত হবে।’

Topics