মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ নামের মাইক্রোর চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহতভাবে হন আরো কয়েকজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক হলেন নওগাঁর ধামুরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইলের ছেলে। আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী মাহমুদা বেগমসহ একই গ্রামের রফিকুলের ছেলে রাব্বি এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারু গ্রামের গনির ছেলে রফিকুল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের মাহমুদা বেগম অসুস্থতা বোধ করায় তার স্বামীসহ স্বজনরা একটি মাইক্রোবাস যোগে রাজশাহীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে পৌঁছলে একই সময় নওগাঁ থেকে মহাদেবপুর অভিমুখি যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে খড়িবাহী একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের চালক আব্দুস সামাদ চাপালেগে আটকে পড়েন। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পাশাপাশি মাইক্রোবাসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালকসহ পাঁচজনকে উদ্ধার করে একটি পিকআপ যোগে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মাইক্রোবাস চালক আব্দুস সামাদের মৃত্যু হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।



