ডুয়েটে ‘গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে মতবিনিময় সভা

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘গাজীপুরের নগর পরিবহন ব্যবস্থায় টেকসই ও দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের জন্য বিআরটি প্রকল্পের চ্যালেঞ্জ মোকবিলা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ডুয়েটে ‘গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডুয়েটে ‘গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের ভবিষ্যত সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়েক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ডুয়েটের পুরকৌশল বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ও গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের সমস্যাগুলো চিহ্নিত করে সুষ্ঠু সমাধানের মাধ্যমে প্রকল্পটি চালু করা গেলে গাজীপুর তথা দেশের গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আসবে। গাজীপুরবাসীর প্রাণের দাবি এই প্রকল্পটি চালুকরণের জন্য ট্রাফিক চ্যালেঞ্জ, অবকাঠামোগত সমস্যা, ড্রেনেজ সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী পারাপারের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অন্যান্য অব্যবস্থাপনাগুলো সুষ্ঠুভাবে অচিরেই সমাধান করে প্রকল্পটি চালু করা জরুরি। ডুয়েট সবসময় সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছে।’

ভিসি আরো বলেন, ‘গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পটির অবকাঠামোকে আরো কার্যকর, পরিবেশবান্ধব, নগর পরিবহন ব্যবস্থা উপযোগী, ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রাফিক ডিমান্ড ফোরকাস্টিং এবং ঝুঁকিগুলো চিহ্নিত করে সঠিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ তৈরি করে প্রকল্পটি অতি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এজন্য সকল স্টেকহোল্ডার নিয়ে এ ধরনের মতবিনিময় সভা, সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে যথোপযুক্ত কার্যকর সমাধান বের করে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে টেকসই সমাধানের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘গাজীপুরের নগর পরিবহন ব্যবস্থায় টেকসই ও দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের জন্য বিআরটি প্রকল্পের চ্যালেঞ্জ মোকবিলা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর কোষাধক্ষ ড. মো: মুসলেহ্ উদ্দিন হাসান। ডুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী মো: সামসুল হক।

মতবিনিময় সভায় আলোচকবৃন্দ গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি, অবকাঠামোগত অবস্থা, পরিবেশ ও সামাজিক প্রভাব, নিরাপত্তা ব্যবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনার সাথে প্রকল্পটির সামঞ্জস্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় ডুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই অংশগ্রহণ করেন।

উপস্থিত বিশেষজ্ঞদের মতে, গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পটির সমস্যা ও চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে প্রকল্পটি চালু করা গেলে নগরবাসী দ্রুত, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা পাবে। মতবিনিময় সভায় প্রাপ্ত সুপারিশগুলো নীতিনির্ধারণে সহায়ক হবে এবং গাজীপুরের নগর পরিবহন ব্যবস্থায় টেকসই ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আলোচকগণ আশা প্রকাশ করেন।