সিরাজগঞ্জের তারাশ উপজেলায় ২৮ বছর বয়সী এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশী চাচার বিরুদ্ধে। ঘটনার পর থানায় মামলা দায়ের করেছেন ভিক্টিমের মা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন— শ্রী কৃষ্ণপুর গ্রামের আজম আলী ওরফে কালার ছেলে বেল্লাল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী দুই সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা এক নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে ওই নারীর বাবা-মা, আটো চালক এক ভাই কাজ করতে বাড়ির বাইরে চলে যান। এ কারণে তিনি বাড়িতে একাই অবস্থান করছিলেন। পাশাপাশি দুপুরের দিকে এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে। এ সময় হঠাৎ করে ওই নারীর প্রতিবেশী চাচা বেল্লাল হোসেন স্বামী পরিত্যক্তা নারীর ঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে ওই নারীকে একা পেয়ে চাচা বেল্লাল হোসেন ধর্ষণ করেন।
এদিকে দুপুরের পর ভিক্টিমের স্বজনরা বাড়িতে ফিরে এলে বিষয়টি তাদের জানান। পরে স্বজনরা বিষয়টি গ্রামের প্রধানদের অবহিত করেন। তখন গ্রামের প্রধানরা আইনের আশ্রয় নিতে তাদের তাড়াশ থানায় যেতে বলেন।
পরে ভিক্টিমের মা বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে একটি ধর্ষণ মামলা রেকর্ডের কাজ চলমান আছে। মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা দ্রুতই নেয়া হবে।



