চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির

মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে

‘ক্ষমতায় গেলে আমরা সবখানে ইনসাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার প্রজার জন্যও সেই বিচার।’

নয়া দিগন্ত অনলাইন
চাঁপাইনবাবগঞ্জের জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |বাসস

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা সবখানে ইনসাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার প্রজার জন্যও সেই বিচার।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, ‘ন্যায়বিচার যখন কায়েম হবে এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বিগত ৫৪ বছর এ দেশের মানুষ শাসন আর অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো রাজনীতির বন্দোবস্ত আর দেখতে চায় না।’

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেয়া হবে। তোমরাই দেশ গড়বে, তৈরি হয়ে যাও। তোমাদের হাতে দেশের ভার তুলে দিতে চাই। বাংলাদেশ নাম উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা; আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। এ দেশ তারা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিবে।’

নারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের দুটি জিনিস নিশ্চিত করতে চাই— একটি হচ্ছে সমাজের সকল স্তরে অধিকার, মর্যাদা ও আরেকটি নিরাপত্তা।’

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুজার গিফফারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো: নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র : বাসস