গণসংবর্ধনায় এমপি ডা.ফরিদ

চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতিমুক্ত উপজেলা করবো

নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায় অত্যাচার করে, আমি মজলুমের পক্ষে থাকবো। আপনারা প্রথমে কারো উপর জুলুমম করবেন না, কিন্তু কেউ অন্যায় ভাবে জুলুম করতে আসলে তাকে দাত ভাঙ্গা জবাব দিতে হবে।

Location :

Chaugachha
চৌগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয়
চৌগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয় |নয়া দিগন্ত

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা কামিল মাদরারসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংবর্ধনা দেয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, চৌগাছা-ঝিকরগাছাকে দুর্নীতিমুক্ত উপজেলা করা হবে ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এসব বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি দমন। যে সকল এলাকায় উন্নয়ন প্রকল্প দেওয়া হবে, সেসব প্রকল্পের সঠিক হিসাব নিকাশ নিশ্চিত করতে হবে। হিসাব নিকাশে গড়মিল পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনা করবো। আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার দলের কেউ বা অন্য যে কেউ যদি কারও ওপর অন্যায় অত্যাচার করে, আমি মজলুমের পক্ষে থাকবো। আপনারা প্রথমে কারো উপর জুলুমম করবেন না, কিন্তু কেউ অন্যায় ভাবে জুলুম করতে আসলে তাকে দাত ভাঙ্গা জবাব দিতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যপক নুরুজ্জামান আল মামুম ও সহকারী-সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, পৌর জামাতের আমির মাওলানা আব্দুল খালেক ও পৌর জামাতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন চৌগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম তুহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আলা উদ্দীন প্রমুখ।

গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেয়া হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, প্রেস ক্লাব চৌগাছা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেনীর পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।

এদিন সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে চৌগাছা উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। বিকেলে তিনি ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।