প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্য সঙ্কটে আমরা প্রবাসীদের পাশে আছি

‘প্রধানমন্ত্রীর নির্দেশে মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনটি মন্ত্রণালয় একসাথে কাজ করছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে প্রবাসী বাংলাদেশীরা নিরাপদে থাকেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য সঙ্কটে প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকার। বিভিন্ন দেশে আমাদের শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনটি মন্ত্রণালয় একসাথে কাজ করছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যাতে প্রবাসী বাংলাদেশীরা নিরাপদে থাকেন। সঙ্কটময় সময়ে প্রবাসীদের সহযোগীতায় আমরা সবসময় পাশে আছি।‘

শনিবার (৭ মার্চ) সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি হোটেলে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থা উল্লেখ করে এ সঙ্কটময় পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলিমুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. তাজ উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এনামুল হক জুবের।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জসিম উদ্দিন, প্রক্টর অধ্যাপক সামিউল আহসান তুষার, সিলেট প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সোহেল, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ ফয়সাল আমিন, সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দেশ টিভির খালেদ আহমদ মেহেদী ও অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন।