হাজারো প্রতিকূলতার মাঝেও জামায়াতে ইসলামী রাজপথে ছিল : নূরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, ‘হাজারো প্রতিকূলতার মাঝেও জামায়াতে ইসলামী ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে রাজপথে ছিল।'

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের সদস্য (রুকন) সম্মেলন
জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের সদস্য (রুকন) সম্মেলন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, ‘হাজারো প্রতিকূলতার মাঝেও জামায়াতে ইসলামী ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে রাজপথে ছিল। নিশ্চিত খুন-গুম, গ্রেফতারের ঝুঁকি থাকা স্বত্বেও জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি, হবেও না।’

বুধবার (২৯ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই বিপ্লব অর্জিত হয়েছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে এক ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু করতে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে জুলাই সনদের বৈধতা দিয়েছেন। গণভোটের জনরায় মেনে নিতেই হবে, এর কোনো বিকল্প নেই।’

এ সময় তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে পেশি শক্তি, অস্ত্রের শক্তি দেখিয়ে কেন্দ্র দখল, ভোট চুরি এবং ফলাফল কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে। জনগণকে সজাগ ও সচেতন করতে হবে। ভোট জনগণের আমানত। এই আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিন, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো: সারোয়ারসহ মতিঝিল-শাহজাহানপুর জোনের সব সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতারা।