মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করে চড় মারার জের ধরে বড় ভাই হানিফ মিয়ার (৩৫) হাতে তামিম আহমদ (১৬) নামে কিশোর বয়সী ছোট ভাই খুন হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর তামিম আহমদ ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর ছোট ছেলে। এ ঘটনায় পুরো পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত কিশোর তামিমের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মিথ্যা কথা বলায় অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে চাচা তামিম শাসন করার একপর্যায়ে চড় মারে। পরে চড় মারার বিষয়টি হানিফ মিয়াকে তার ছেলে জানালে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে গলার মধ্যে ছুড়ি দিয়ে আঘাত করেন। এরপর প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয় তামিমের।
নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ছয় মাস আগে আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলে হানিফ। ওই ঘটনায় সে দীর্ঘদিন কারাগারে ছিল।
তিনি আরো জানান, আজ যখন ঘটনাটি ঘটে তখন আমি স্বামীর বাড়িতে ছিলাম। খবর পেয়ে ছুটে যাই। আমার ভাই খুব ভাল ছিল, বাবার সাথে ডাব বিক্রির কাজে সাহায্য করত। তামিম আমাদের ভাই-বোনদের মধ্যে সবার ছোট।
এ দিকে ঘটনার পর নিহত কিশোর তামিমের লাশ ময়নাতদন্তের জন্য প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে নিয়ে আসেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে লাশের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে অঝোরে কান্না করতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।



