শিবচরে অন্যকে দিয়ে পরীক্ষা দেয়ানোর চেষ্টা, মূল পরীক্ষার্থী বহিষ্কার

অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান তাৎক্ষণিকভাবে মেহেদীকে বহিষ্কার করেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ
শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ |ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে অন্যকে দিয়ে পরীক্ষা দেয়ানোর চেষ্টার অভিযোগে দাখিল পরীক্ষার্থী মো: মেহেদী হাসানকে (১৮) বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদরাসার পরীক্ষার্থী মেহেদীর পরিবর্তে মো: সাজিদ নামে এক যুবক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। প্রবেশের সময় দায়িত্বরতদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক দ্রুত কেন্দ্র থেকে পালিয়ে যান।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী কেন্দ্রে উপস্থিত হলে তাকে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী প্রক্সি পরীক্ষার বিষয়টি স্বীকার করেন।

অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান তাৎক্ষণিকভাবে মেহেদীকে বহিষ্কার করেন। তবে পালিয়ে যাওয়া প্রক্সি পরীক্ষার্থী সাজিদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

শিবচর উপজেলার ইউএনও এইচ এ ইবনে মিজান বলেন, ‘পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ও যেকোনো ধরনের জালিয়াতি রোধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে ও প্রক্সি দিতে আসা যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে।’