সিলেট মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে উন্নতমানের বিশেষ ক্যামেরা স্থাপন করে অপরাধীদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হবে।
শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর স্বাবলম্বী কর্মসূচির আওতায় সিলেট পুলিশ লাইন্সে অসহায় মানুষের মধ্যে প্যাডেলচালিত রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত বিদ্যমান সিসিটিভি ক্যামেরার একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। আবার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধীদের শনাক্ত ও কার্যকর নজরদারিতে সমস্যা হচ্ছে। এ বাস্তবতায় আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
সিসিক প্রশাসক বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে অপরাধীদের অবস্থান, চলাচল ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে যাবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরো কার্যকর হবে। প্রকল্প বাস্তবায়নের পর এর পরিচালনার দায়িত্ব সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের দ্রুত গ্রেপ্তারে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সিটি করপোরেশন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।
পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য দেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা।
পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল প্রায় বন্ধ হয়েছে। এতে জীবিকার সংকটে পড়া অসহায় রিকশাচালকদের পুনর্বাসনের লক্ষ্যে পুনাক তাদের মধ্যে প্যাডেলচালিত রিকশা বিতরণ করছে।
সভাপতির বক্তব্যে পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, দীর্ঘদিন ধরে পুনাক বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ১৫ জন অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেলচালিত রিকশা বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি বিত্তবান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।



