সিলেটে হামের ভয়াবহতায় আরো ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৯ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামে আরো দুই শিশুর মৃত্যু
হামে আরো দুই শিশুর মৃত্যু |ফাইল ছবি

সিলেটে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪২ জন।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই শিশু। তাদের একজন সিলেটের দুই বছর নয় মাস বয়সী আরাফাত ইয়াছিন। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন সুনামগঞ্জের পাঁচ মাস ১৯ দিনের শিশু মো: সাইখান। সুনামগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। এর মধ্যে সিলেটে ৩০৫, হবিগঞ্জে ১৩০, মৌলভীবাজারে ১৩৩ ও সুনামগঞ্জে ৩৭৩ জন। নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ শীর্ষে রয়েছে। এরপর সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের অবস্থান।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৩৩ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ছয় জনের। বাকি ১২৭ জন মারা গেছে উপসর্গ নিয়ে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে হাম ও উপসর্গে মারা গেছে ৪৮ জন, হবিগঞ্জে ১৭, মৌলভীবাজারে ১৩ ও সুনামগঞ্জে ৫৫ জন। মৃত্যুর দিক থেকেও সুনামগঞ্জ সবচেয়ে এগিয়ে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রতিদিন নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত, বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি এবং ধারাবাহিকভাবে শিশু মৃত্যুর ঘটনায় সিলেটের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়ছে। বিশেষ করে গত আট দিনে ১৩ জনের মৃত্যু ও তাদের বড় অংশ শিশু হওয়ায় হাম নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরো জোরালো হয়েছে।