তথ্যমন্ত্রী

নির্বাচনের পর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে টিটেনাস টক্সয়েড (টিটি) টিকার পাইলট প্রকল্প চালু করেন, যা দেশের টিকাদান কর্মসূচির ভিত্তি গড়ে দেয়।’

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পরপরই বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। তবুও আমরা শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি আরো শক্তিশালী করছি।’

তিনি বলেন, ‘টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় দেশে ডায়রিয়া অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে এই কর্মসূচি বাধাগ্রস্ত না হলে হাম রোগের প্রাদুর্ভাবে শিশুদের এতটা ঝুঁকিতে পড়তে হতো না।’

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গাসাগর এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিশুদের সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে টিকাদান কার্যক্রম চালু ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই দেশ সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে টিটেনাস টক্সয়েড (টিটি) টিকার পাইলট প্রকল্প চালু করেন, যা দেশের টিকাদান কর্মসূচির ভিত্তি গড়ে দেয়। পরে শিশুদের জন্মের পর নির্দিষ্ট বয়স পর্যন্ত বিভিন্ন টিকা প্রদানের উদ্যোগ নেয়া হলেও অতীতের কিছু সরকারের দুর্বলতার কারণে এই কার্যক্রম সবসময় ধারাবাহিকভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়নি।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে মন্ত্রিসভাকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’ এ সময় হাম প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক (ডিসি) মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: এস এম মঞ্জুরে এলাহী ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের প্রতিনিধিরাও অংশ নেন এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।