খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে স্বামীকে ধান কাটায় সহযোগিতা করতে গিয়ে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্ত্রী খোকন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
জানা যায়, খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো: জামাল মিয়ার স্ত্রী খোকন বেগম। গত ২৯ এপ্রিল কল্যাণপুর গ্রামের মসজিদের সামনের হাওরে স্বামী ও সন্তানের সাথে নিজের জমির ধান পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় ধান কাটার সহযোগিতা করতে হাওরে যান। অতিবৃষ্টি ও প্রবল বাতাসের ঠাণ্ডায় সে শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশে ঢলে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
খোকন বেগমের স্বামী জামাল মিয়া বলেন, আমার বারখানি (১২০ শতাংশ) ক্ষেতের ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায়, কোনো শ্রমিক পাই নাই। তাই আমরা দুই ছেলে সন্তানকে নিয়ে দুই দিন ধরে ধান কাটতেছিলাম। আমার স্ত্রী আমাদের কাজের সহযোগিতা করার জন্য হাওড়ে গিয়েছিল। অতিবৃষ্টিতে ঠাণ্ডার কারণে সে হঠাৎ দুর্বল ও অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নেয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয় চেয়ারম্যান শামীম মড়ল এ বিষয় নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। জামাল মিয়ার জমির ধান নষ্ট হয়েছে, পাশাপাশি তার সহধর্মিণীকেও হারিয়েছে, আল্লাহ হেফাজত করুন। আমি সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করব ইনশাআল্লাহ।’
উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামায়াতের আমির মো: ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, স্থানীয় বিএনপি নেতা ও কৃষ্ণপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো: কবীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। আমি তাদের পরিবারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। বিধি মোতাবেক যথাযথভাবে সরকারি আর্থিক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।’
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘এ রকম মৃত্যু খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক ক্ষতিগ্রস্থের জন্য সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।’



