জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ফলে বিদ্যমান অবস্থায় দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থী নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা জরুরি। অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিতে পারে।’
শুক্রবার (৩০ মে) সিলেট মহানগর জামায়াতের থানা মজলিশে শূরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কোনোকালেই সহজ ছিল না। শত বাধা পেরিয়ে দ্বীনের আন্দোলন চলে আসছে, কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিজয় দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। নিজেদেরংকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামের সুমহান আদর্শের মাধ্যমে মানুষকে দ্বীনের আন্দোলনে শামিল করতে হবে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভাবনাময় দেশ। এই দেশে আমাদের নিরপরাধ দায়িত্বশীলগণ শাহাদাতের নজরানা পেশ করেছেন। তাদের রক্তে রঞ্জিত এই জমিনে ইসলামী আন্দোলনের বিজয় হবেই হবে। ইনশাআল্লাহ।’
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।
আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন।
শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধীন সকল সাংগঠনিক থানা জামায়াতের মজলিশে শূরা সদস্যরা অংশ নেন।


