পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়ি থেকে এক প্রবাসীর হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ি থেকে আহম্মেদ সবুজ হাওলাদার (৩২) নামে ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির হারুন অর রশিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক যুগ মালয়েশিয়ায় থাকার পর দুই মাস আগে দেশে ফেরেন সবুজ হাওলাদার। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে তার বাবা হারুন অর রশিদ হাওলাদার নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সেমিপাকা রান্নাঘরের জানালা দিয়ে ছেলেকে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার দুই হাত পেছনে বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল।
চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”



