নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার পরদিন তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়েরকে জুমার ইমামতি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরদিন গতকাল শনিবার (৭ মার্চ) রাতে তার ছোট ভাইয়ের ওপরও সশস্ত্র হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে ইমাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার এক দিন পর শনিবার রাত আটটার দিকে আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর রাস্তায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ইয়াকুব আলীর অভিযোগ, হামলাকারীদের মধ্যে মিরাজ, তার ছেলে মেহেদী, সাইফুলসহ কয়েকজন ছিলেন। তারা আগের দিন তার বড় ভাই ওপর হামলায় জড়িত ছিলেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।


