সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত ট্যানারিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
রোববার (১৭ মে) দুপুরে ওই প্রতিনিধি দল ট্যানারি পরিদর্শন করে। এ সময় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দল সিইটিপি পরিদর্শন ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের মালিকানাধীন আনজুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড পরিদর্শন করেন।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে আলোচনায় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার, জার্মান অ্যাম্বাসেডর ড. রুডিজার লটজ, ইতালিয়ান অ্যাম্বাসেডর আন্তনিও অ্যাল্লে সান্দ্র ও সলিডার সুইস’র ইন্দিরা গারটেন বার্গ।
এ সময় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিন বিসিক সম্মেলন কক্ষেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকের ব্যাপারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
শ্রমিক নেতৃবৃন্দ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে ট্যানারি শিল্প স্থানান্তরের পর থেকে শ্রমিকদের চাকরির নিরাপত্তাহীনতা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা ও নিরাপদ কর্ম পরিবেশ না থাকা, নিম্নতম মজুরি বাস্তবায়নে মালিকদের অনিহা, শ্রম আইন না মানা এবং সোশ্যাল কমপ্লায়েন্স বাস্তবায়ন না করার কারণে শ্রমিকদের জীবনের নানা সমস্যা ও সঙ্কট নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন।



